ভারতের মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় ঘটে গেল এক পৈশাচিক ঘটনা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১১ বছরের এক কিশোরের চোখের সামনেই তার ৯ বছরের ছোট বোনকে চরম নির্যাতন ও যৌন নিপীড়ন করার মারাত্মক অভিযোগ উঠেছে ২১ বছর বয়সী এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অঞ্চলজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং তার ভাই ষষ্ঠ শ্রেণিতে পড়ে। মঙ্গলবার স্কুল ছুটি শেষে দুজন একসাথে হেঁটে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তাদেরই এক পরিচিত ২১ বছর বয়সী প্রতিবেশী যুবক মোটরসাইকেল নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায় এবং ভালো মানুষের ছদ্মবেশে তাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে বাইকে তোলে।
কিন্তু তাদের বাড়ি না নিয়ে ওই যুবক বাইক ঘুরিয়ে একটি নির্জন নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে শারীরিক নির্যাতনের চেষ্টা করলে তার ১১ বছরের বড় ভাই বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালায়। এ সময় অপরাধী যুবক ভাইটিকে বেধড়ক মারধর করে এবং তার উপস্থিতিতেই শিশুটির ওপর পৈশাচিক নির্যাতন চালায়। একপর্যায়ে ভাইটি আত্মরক্ষার্থে দৌড়ে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়।
সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে এবং আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। দায়িত্বরত চিকিৎসকেরা শিশুটির ওপর যৌন নিপীড়নের সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার পরপরই ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়। ভিন্দ থানার পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধীকে ধরতে পুলিশের কয়েকটি বিশেষ টিম গঠন করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে ঘটনার গভীর তদন্ত চলছে এবং অভিযুক্তের কঠোর শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে।

