ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে মোহাম্মদ রাব্বি (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আকাশ কম্পিউটার নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি নগরের ১৫ নম্বর ওয়ার্ডের জেলা পরিষদ হাইস্কুল রোড এলাকার মোবারক হোসেনের ছেলে। তিনি ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কয়েকজন ব্যক্তি দোকানে প্রবেশ করে রাব্বির ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। স্থানীয়দের ভাষ্য, পূর্বের একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং এ ঘটনায় একটি মামলা বিচারাধীন রয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

