এয়ার ইন্ডিয়ার এক পাইলটের মাদক পরীক্ষায় গাঁজা সেবনের প্রমাণ পাওয়ার পর সংস্থাটির সব পাইলটের বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলটরা এ পরীক্ষার আওতায় থাকবেন। আজ থেকেই পরীক্ষা শুরু হওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
কর্মীদের পাঠানো এক চিঠিতে এয়ার ইন্ডিয়া জানায়, বিমান নিরাপত্তা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিষিদ্ধ মাদক বা বিধিবহির্ভূত ওষুধ ব্যবহারের বিষয়টি শনাক্ত করতে প্রশিক্ষণকেন্দ্র, ব্রিফিং সেন্টার ও কার্যালয়ে পরীক্ষা নেওয়া হবে।
সম্প্রতি ফুকেট-দিল্লি রুটের এআই-২৩৭৯ ফ্লাইটের প্রধান পাইলটের ডোপ টেস্ট পজিটিভ আসে। গত ৪ আগস্ট ১৩৭ যাত্রী ও আটজন ক্রু নিয়ে যাত্রার সময় বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে কয়েকজন যাত্রী ও ক্রু আহত হন।
ঘটনার পর পাইলটের নমুনা পরীক্ষা করা হলে গাঁজা বা মারিজুয়ানা শনাক্তের পরীক্ষায় তিনি দুইবার পজিটিভ হন। তদন্ত প্রতিবেদনে ফ্লাইট চলাকালে পাইলটের আসনে না থাকার বিষয়টিও উঠে এসেছে। এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ প্রতিবেদনে পাইলট ঘুমের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবনের কথা জানিয়েছেন।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ডিজিসিএ) বিধি তারা অনুসরণ করে আসছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা এবং পাইলটদের পেশাদারিত্বের বিষয়ে আস্থা আরও জোরদার করতে চায় সংস্থাটি।

