প্রধান খবর

১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

১৫ আগস্ট উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি, সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন এবং সাইবার পেট্রোলিং বাড়ানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কোনো নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী বা দুষ্কৃতকারী যাতে নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হবে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার নজরদারি বাড়ানো হয়েছে। বিভ্রান্তিকর পোস্ট বা মন্তব্যের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র‌্যাব। সম্ভাব্য বিস্ফোরক পরিস্থিতি মোকাবিলায় বোম্ব ডিসপোজাল ইউনিটকেও প্রস্তুত রাখা হয়েছে।

সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ দেখা গেলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *