বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর প্রায় ২০ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামছে তারা। পেস আক্রমণে জশ হ্যাজলউডকে ফেরানো হলেও একাদশে জায়গা হয়নি স্কট বোল্যান্ডের।
দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার সেরা পেস আক্রমণ একসঙ্গে মাঠে নামছে। হ্যাজলউড গত বছরের অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি। চোটের কারণে তিনি অ্যাশেজ সিরিজও মিস করেন। অন্যদিকে প্যাট কামিন্সও অ্যাশেজে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন।
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপেও বড় কোনো চমক নেই। ওপেনিংয়ে জেক ওয়েদারল্ডের সঙ্গে থাকছেন ট্রাভিস হেড। এরপর মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথের পাশাপাশি মিডল অর্ডারে ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি ও বো ওয়েবস্টার রয়েছেন।
অ্যাশেজে হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজ থেকে ছিটকে যাওয়া নাথান লায়নও একাদশে ফিরেছেন। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য ম্যাচের আগের দিন নিজেদের একাদশ ঘোষণা করেননি। তিনি জানিয়েছেন, দলে কিছু ছোটখাটো চোট সমস্যা রয়েছে। তবে লিটন দাস খেলার জন্য প্রস্তুত বলে নিশ্চিত করেছেন।
অস্ট্রেলিয়ার একাদশ: জেক ওয়েদারল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।

