জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলা বিচারের জন্য প্রস্তুত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলা বিচারিক কার্যক্রমের জন্য প্রস্তুত হওয়ায় তা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার মামলাটি বদলির আদেশ দেন। আগামী ১৩ সেপ্টেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত বছরের ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলায় এক ছাত্রীকে পড়াতে গিয়ে জোবায়েদ ছুরিকাঘাতে নিহত হন। ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রীর বাসার নিচতলায় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে ভবনের তৃতীয় তলার সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

ঘটনার দুই দিন পর জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে বংশাল থানায় হত্যা মামলা করেন। প্রায় নয় মাসের তদন্ত শেষে গত ৩০ জুন তদন্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, তার প্রেমিক মো. মাহির রহমান এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লানকে আসামি করা হয়েছে। তদন্তে হত্যাকাণ্ডের পেছনে ত্রিভুজ প্রেমের সম্পর্কের বিষয়টি উঠে এসেছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

মামলার তিন আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন। অভিযোগ গঠনের শুনানির পর মামলাটির বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *