পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত অবস্থায় দোরোখিন সের্গেই (৫১) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে প্রকল্পের ৫.৭ বিল্ডিং এলাকায় কাজ করার সময় অসুস্থ হয়ে তিনি মারা যান।
সের্গেই রুশ পারমাণবিক প্রযুক্তি ও প্রকৌশল প্রতিষ্ঠান ‘অ্যাটমটেক এনার্জো’-এর কর্মী হিসেবে রূপপুর প্রকল্পে নিয়োজিত ছিলেন। প্রকল্প সূত্রে জানা যায়, কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি।
খবর পেয়ে প্রকল্পের চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সের্গেই প্রথমে প্রকল্পের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন এবং হাসপাতালে যেতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। পরে অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। চিকিৎসকের প্রতিবেদন ও ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

