হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফল বিক্রেতার মোবাইল ফোন নেওয়ার অভিযোগে রাসেল মিয়া নামে এক উপপরিদর্শককে (এসআই) পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
অভিযোগ অনুযায়ী, গত শনিবার (৮ আগস্ট) রাতে আজমিরীগঞ্জ বাজারের একটি ফলের দোকান থেকে মোবাইল ফোন নেওয়ার ঘটনা ঘটে। দোকানের সিসিটিভি ফুটেজে এসআই রাসেলকে টেবিলে থাকা দোকানির মোবাইল ফোনটি নিজের ফোনের সঙ্গে নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
দোকানি রাজিব আহমেদ জানান, পরে তিনি এসআই রাসেলের কাছে মোবাইল ফোনটি ফেরত চান। প্রথমে তিনি ফোন নেওয়ার বিষয়টি অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজের কথা জানানো হলে পরে মোবাইল হারিয়ে যাওয়ার কথা বলে রাজিবকে ১৫ হাজার টাকা দেওয়া হয়।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, সিসিটিভি ফুটেজে এসআই রাসেলের গতিবিধি নিয়ে তাদের সন্দেহ তৈরি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে এসআই রাসেলের বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলেও তিনি কল গ্রহণ করেননি।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, সিসিটিভি ফুটেজটি তারা দেখেছেন। ব্যবসায়ীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর সোমবার এসআই রাসেলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলেও জানান তিনি।

