সবশেষ মামলায়ও জামিন, মুক্তিতে বাধা নেই খায়রুল হকের

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে করা হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। ফলে সবশেষ মামলাতেও জামিন হওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ বনানী থানায় করা মামলায় তাকে জামিন দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

এর আগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় তার জামিন বহাল রাখেন চেম্বার আদালত। পরে বনানী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার ওই মামলায় জামিন পাওয়ার পর তার মুক্তির পথ উন্মুক্ত হয়েছে বলে আইনজীবীরা জানান।

এর আগে বিভিন্ন মামলায় খায়রুল হক মোট আটবার জামিন পেয়েছেন। গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে একে একে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

খোয়াইব হত্যা মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিতে আহত হন খোয়াইব। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *