বাবার শেষকৃত্যে ড্রোন, আইনি পদক্ষেপের প্রস্তুতি মেসির

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির শেষকৃত্যে ড্রোন উড়িয়ে ছবি ধারণের অভিযোগ উঠেছে কয়েকটি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে। পরিবারের ব্যক্তিগত শোকের মুহূর্তে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে মেসির আইনি দল।

রোববার রোজারিওর এল প্রাদো কবরস্থানে পারিবারিকভাবে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মারা যান তিনি। বাবার শেষ বিদায়ে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে রোজারিও পৌঁছান মেসি। পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

শেষকৃত্যকে কেন্দ্র করে কবরস্থান এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শনিবার দুপুর থেকেই সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয় এবং কেবল অনুমোদিত যানবাহনকে প্রবেশের সুযোগ দেওয়া হয়। এর মধ্যেই কবরস্থানের ওপর ড্রোন উড়তে দেখা যায় বলে অভিযোগ ওঠে।

স্থানীয় সংবাদমাধ্যমসহ কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যম ঘটনাটি প্রকাশ করে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে সান্তা ফে পুলিশ কবরস্থান এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করে।

ঘটনার পর মেসির আইনি দল বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে। পরিবারের ব্যক্তিগত শোকের মুহূর্তে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এদিকে মেসির বাবার শেষকৃত্যে ভক্তদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। দূর-দূরান্ত থেকে অনেকে রোজারিওতে এসে মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তাদের হাতে ছিল মেসির প্রতি সমর্থন ও সহমর্মিতা জানানো বিভিন্ন পোস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *