২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার হ্রাস পাওয়া এবং ফলাফলের সার্বিক দিক নিয়ে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফলাফল অপেক্ষাকৃত খারাপ হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হলেও তিনি স্পষ্ট জানিয়েছেন, শিক্ষার্থীরা পড়াশোনায় যতটুকু পরিশ্রম করেছে, প্রকাশিত ফলাফলও তেমনই এসেছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এই মন্তব্য করেন।
এবারের পরীক্ষায় পাসের হার কমে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘পড়াশোনা যেমনটা করেছে, ফলাফল তেমনই হয়েছে।’ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় এবার গড় পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ। ফলাফল প্রকাশের পরপরই পাসের হার কমে যাওয়া এবং শিক্ষা বোর্ডের মূল্যায়নের মান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষকদের কৃপণতা বা কড়াকড়ির বিষয়ে জানতে চাইলে এক প্রশ্নের জবাবে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে শিক্ষামন্ত্রী বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না।’ তাঁর এই বক্তব্যে স্পষ্ট যে, খাতা মূল্যায়নে কোনো অন্যায্য সুযোগ দেওয়া হয়নি, বরং সঠিক মূল্যায়নের মাধ্যমেই শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নিশ্চিত করা হয়েছে।

