রাজশাহীতে পেট্রোল ও অকটেনের সরবরাহ কমে যাওয়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেলসহ যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। চালকদের অভিযোগ তারা চাহিদামতো তেল পাচ্ছেন না। কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় স্টেশন সাময়িকভাবে বন্ধও রাখা হয়েছে। যেসব স্টেশনে তেল পাওয়া যাচ্ছে, সেগুলোও সীমিত পরিমাণে তেল দিচ্ছে।
পবা উপজেলার বিমানবন্দরের সামনে অবস্থিত মেসার্স হাবিব ফিলিং স্টেশনের সামনে সকাল থেকেই লম্বা লাইন। তেলের মেশিনের ওপর সাদা কাগজে লেখা রয়েছে:
“জ্বালানি সংকটের কারণে সর্বোচ্চ মোটরসাইকেলকে ১০০ টাকার তেল, মাহিন্দ্রা/ভুটভুটিকে ২০০ টাকা, প্রাইভেটকারকে ১০০০ টাকা এবং পিকআপকে ৩০০ টাকার তেল দেওয়া হবে।”
চালকদের অভিযোগ, হঠাৎ করে তেল কমে যাওয়ায় তাদের ভোগান্তি বেড়েছে। অনেকেই কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অল্প পরিমাণ তেল নিয়ে ফিরছেন।
গাছা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।

