ঢালিউড ড্রিমগার্ল শাবনূর চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু এবং নিজেকে নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক সব গুঞ্জন ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে অবশেষে মুখ খুলেছেন। সালমান শাহ হত্যা মামলার বিতর্কিত রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের প্রেম ও বিয়ের দাবিকে সম্পূর্ণ কাল্পনিক, বানোয়াট ও অসত্য বয়ান বলে তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
শনিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিজভীর গালগল্প ও অসত্য বয়ান’ শিরোনামে একটি দীর্ঘ বিবৃতি দিয়ে নিজের সুস্পষ্ট অবস্থান প্রকাশ করেন শাবনূর। পোস্টে তিনি উল্লেখ করেন, ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে সালমান শাহর অকালমৃত্যুর পর ১৯৯৭ সালে এক অপহরণ মামলায় গ্রেপ্তার হয়ে ১২ লাখ টাকার বিনিময়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়ে রাজসাক্ষী হয়েছিল এই রিজভী। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর নানা সময়ে সে পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে আসছে। ২০১৯ সালে পিবিআই-এর তদন্তের পর সে এটিকে আত্মহত্যা দাবি করলেও অতি সম্প্রতি ভিন্ন দুটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে দীর্ঘ ২৯ বছর পর প্রথমবার শাবনূর এবং সালমানের মা নীলা চৌধুরীকে অভিযুক্ত করে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছে।
নিজের সঙ্গে রিজভীর কথিত সম্পর্ক, প্রেম ও বিয়ের প্রসঙ্গ টেনে শাবনূর বিস্ময় প্রকাশ করে বলেন, “সাক্ষাৎকারে রিজভী একদিকে দাবি করেছে সে আমাকে মনে মনে ভালোবাসত এবং বিয়ে করতে চেয়েছিল, আবার অন্য জায়গায় দাবি করেছে আমি নাকি তার সাবেক স্ত্রী ছিলাম এবং ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমাদের বিয়ে হয়েছিল!” ভিত্তিহীন এই দাবির অসংগতি তুলে ধরে অভিনেত্রী প্রশ্ন তোলেন, গত ২৬-২৭ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসকারী এই ব্যক্তির সাথে ওই সময়ে তাঁর কোনো সাক্ষাৎ বা যোগাযোগই সম্ভব ছিল না, কারণ শাবনূর কখনোই ওই সময়ে যুক্তরাজ্যে যাননি। তাছাড়া রিজভীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেনও না এবং কোনোদিন দেখেননি; ফলে বাস্তবের বদলে হয়তো কেবল ‘স্বপ্নের বাসরেই’ এমন কাল্পনিক বিয়ে সম্ভব।
সালমান শাহকে ব্ল্যাকমেইল বা দুই পরিবারের মধ্যে কূটনামি করার অভিযোগও দৃঢ়তার সাথে নাকচ করেছেন শাবনূর। তিনি স্পষ্ট জানান, পারিবারিক শিক্ষা ও ব্যস্ত পেশাদার জীবনের কারণে কখনোই তিনি কারো ক্ষতি করার মতো নোংরা আচরণে জড়িত হননি। চলচ্চিত্র অঙ্গনের কেউ তাঁর নামে এমন অভিযোগ তুলতে পারবেন না। সম্প্রতি আদালত কর্তৃক নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মূল ঘটনা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে বা আর্থিক প্রলোভনে পড়ে অভিযুক্তদের প্ররোচনায় রিজভী এমন মিথ্যা মানহানিকর নাটক সাজাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিবৃতির শেষভাগে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে শাবনূর বলেন, সালমান শাহ তাঁর অত্যন্ত প্রিয় সহশিল্পী ও বড় ভাইয়ের মতো ছিলেন এবং তাঁর অকালপ্রয়াণ আজও তাঁকে গভীরভাবে ব্যথিত করে। সালমান শাহর মৃত্যুর পেছনে তাঁর বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা নেই উল্লেখ করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচনের জোর দাবি জানান এই অভিনেত্রী।

