প্রধান খবর

হরমুজ চুক্তি হলে ইরানের বন্দর অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে সমঝোতা হলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৭ আগস্ট) রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানান। তার আশা, শিগগিরই এ বিষয়ে একটি চুক্তি হতে পারে।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে একটি সমঝোতার বিষয়ে ইরানের আলোচকরা দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে। মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিকের বরাত দিয়ে অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে আলোচনা চলার কথা জানিয়েছেন।

প্রস্তাবিত সমঝোতায় ইরান ও ওমানের নিয়ন্ত্রণাধীন জলসীমা দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিয়ম নির্ধারণ করা হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রধান শর্ত হলো, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করা।

যুদ্ধ শুরুর আগে প্রতি সপ্তাহে সাধারণত ১৩০ থেকে ১৪০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করত। তবে চলতি সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ৩৩টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। আগের সপ্তাহের একই সময়ে এ সংখ্যা ছিল ৫০টি।

সম্ভাব্য চুক্তিতে জাহাজ চলাচলের জন্য নির্ধারিত ফি নিয়েও মতপার্থক্য রয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরান পণ্যের মূল্যের ৫ থেকে ৭ শতাংশের সমপরিমাণ ফি দাবি করেছে। অন্যদিকে ওমান প্রায় ৩ শতাংশ ফি নিয়ে আলোচনা করেছে। তবে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ফি আরোপের বিরোধিতা করছে।

এদিকে জাহাজ চলাচল ও বিমা খাতের সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, ইরানি কর্তৃপক্ষকে অর্থ প্রদান করলে তা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক বিমা-সংক্রান্ত বিধিনিষেধের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *