কক্সবাজারের উখিয়ায় কলার মিশ্রণের মাধ্যমে বিশেষ কায়দায় পেটের ভেতরে পলিথিন মোড়ানো ইয়াবার প্যাকেট ঢুকিয়ে পাচারের প্রাক্কালে শাকিলা খাতুন (২৩) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে চিকিৎসকদের সহায়তায় ওই তরুণীর পেট থেকে এবং সঙ্গীয় প্যাকেট থেকে মোট ৪ হাজার ১০০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ওপর ভিত্তি করে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯-এর ডি/১ ব্লকে অবস্থিত নুর কামালের শেডে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে স্থানীয় মাঝি ও হেড-মাঝিদের উপস্থিতিতে শাকিলা খাতুনকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেট উদ্ধার করা হয়, যার মধ্যে ১ হাজার পিস ইয়াবা মজুদ ছিল।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসে থমকে দেওয়ার মতো তথ্য। শাকিলা স্বীকার করেন যে, তিনি কলার সাহায্যে আরও বেশ কয়েকটি প্যাকেট গিলে পেটের ভেতর লুকিয়ে রেখেছেন। তথ্যের সত্যতা যাচাইয়ে তাৎক্ষণিকভাবে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষার মাধ্যমে চিকিৎসকরা নিশ্চিত হন যে তার পাকস্থলীতে বহুসংখ্যক ছোট ছোট প্যাকেট জমে আছে। এরপর চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে বিশেষ প্রক্রিয়ায় তার পেট থেকে ৬২টি পলিথিন মোড়ানো প্যাকেট বের করা হয়।
অভিযানের সামগ্রিক বিবরণ নিশ্চিত করে দায়িত্বরত পরিদর্শক জানান, শাপলা খাতুনের সঙ্গ থেকে উদ্ধার হওয়া ২০টি এবং পেট থেকে বের করা ৬২টিসহ মোট ৮২টি প্যাকেটে ৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১০/২৬) নথিভুক্ত করা হয়েছে এবং জব্দকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় সোপর্দ করা হচ্ছে।
আটক তরুণী শাকিলা খাতুন ঢাকা গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ বাঘিয়া নীলনগর এলাকার সাইদুর ইসলাম ও হাওয়া বেগমের কন্যা। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন তরুণীর চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হবে। মামলা দায়েরপূর্বক তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

