আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর পাকিস্তানের কঠোর বিধিনিষেধ

পাকিস্তানে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের স্বাধীন সংবাদ সংগ্রহের ওপর এক নতুন ও নজিরবিহীন বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, রাজধানী ইসলামাবাদ, করাচি এবং লাহোর-এই তিনটি প্রধান শহর ছাড়া পাকিস্তানের অন্য যেকোনো অঞ্চলে সংবাদ সংগ্রহের কাজে যেতে হলে আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের আগাম সরকারি অনুমতি (এনওসি) নিতে হবে।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, সম্প্রতি পাকিস্তান সরকার ‘ফরেন মিডিয়া ফ্যাসিলিটেশন গাইডলাইনস-২০২৬’ শীর্ষক এই নতুন নিয়মমালা প্রকাশ করেছে। এই নিয়ম শুধু বিদেশি সাংবাদিকদের জন্যই নয়, বরং আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত স্থানীয় পাকিস্তানি সাংবাদিক, ফ্রিল্যান্সার এবং তাঁদের সাহায্যকারী দল বা সহযোগীদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য হবে।

নির্ধারিত তিন শহরের বাইরে পা রাখলেই তাঁদের বাধ্যতামূলকভাবে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) সংগ্রহ করতে হবে। যদিও পাকিস্তান সরকারের দাবি, এই সিদ্ধান্ত সংবাদমাধ্যমের কণ্ঠরোধের জন্য নয়, বরং প্রশাসনিক ব্যবস্থাপনা ও পর্যালোচনার সুবিধার্থে নেওয়া হয়েছে।
তবে সরকারের এই পদক্ষেপে পাকিস্তানজুড়ে সাংবাদিক সংগঠন এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দৈনিক ‘ডন’-এর প্রবীণ সম্পাদক জাফর আব্বাস এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে জানান, তাঁর চার দশকের দীর্ঘ সাংবাদিকতা জীবনে সামরিক বা বেসামরিক কোনো আমলেই এমন শ্বাসরুদ্ধকর নিয়ম দেখেননি। রাজনৈতিক বিশ্লেষক মুস্তাফা নওয়াজ খোখরের মতে, এই নিয়মের ফলে নিরপেক্ষ তথ্যপ্রকাশের পথ রুদ্ধ হবে এবং অপপ্রচার ও গুজব আরও ছড়াবে।

নতুন নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার পরিপন্থী কাজ করলে সাংবাদিকদের স্বীকৃতি বাতিল করা হবে-যাকে অস্পষ্ট শর্ত হিসেবে অপব্যবহারের আশঙ্কা করছেন সমালোচকেরা।মূলত সম্প্রতি পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন ও তা কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভের ওপর আন্তর্জাতিক গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের পরই তড়িঘড়ি করে সরকার এই নিষেধাজ্ঞা আরোপ করল। ওই অঞ্চলে ইতোমধ্যে অবস্থানরত আন্তর্জাতিক সাংবাদিকদের অবিলম্বে নিজ নিজ দপ্তরে ফিরে গিয়ে নতুন করে এনওসি আবেদনের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *