জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা রাজনৈতিক নেতৃত্বের পারস্পরিক সৌহার্দ্য এবং মাঠপর্যায়ের সহিংসতার মধ্যে বৈপরীত্যের বিষয়টি তুলে ধরেছেন। বুধবার (৫ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে সৌজন্য ও বোঝাপড়া থাকলেও তার প্রতিফলন তৃণমূল রাজনীতিতে দেখা যায় না।
পোস্টে তিনি উল্লেখ করেন, একদিকে রাজনৈতিক নেতাদের মঞ্চে পরস্পরকে সম্মান প্রদর্শন ও সহযোগিতার দৃশ্য দেখা যায়, অন্যদিকে মাঠপর্যায়ে সংঘাত ও সহিংসতার কারণে কর্মীদের ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়। এ প্রসঙ্গে হবিগঞ্জে রাজনৈতিক সংঘর্ষে এক চোখের দৃষ্টিশক্তি হারানো এনসিপি কর্মী আলিফ চৌধুরীর ঘটনাও তুলে ধরেন তিনি।
তাসনিম জারা প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় নেতৃত্বের পারস্পরিক বোঝাপড়া যদি তৃণমূল পর্যায়ে কার্যকর হতো, তবে এ ধরনের সহিংস ঘটনা এড়ানো সম্ভব হতো কি না। তার ভাষ্য, রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিতে হয় মাঠপর্যায়ের কর্মীদের।
তিনি আরও বলেন, রাজনৈতিক সৌজন্য শুধু শীর্ষ পর্যায়ে সীমাবদ্ধ না রেখে তৃণমূলেও ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তার মতে, এতে ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা কমবে এবং আর কোনো কর্মীকে এমন মূল্য দিতে হবে না।

