যশোর-বেনাপোল মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ আগস্ট) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহলদল দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ব্যক্তি কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের বাসিন্দা মো. ফারুক (৩০)। বিজিবি জানায়, তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫২৯ দশমিক ৬৪ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন। বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। জব্দ করা মোবাইল ফোন ও নগদ অর্থসহ মোট জব্দকৃত আলামতের মূল্য ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

