ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দাবানলে পুড়ে যাওয়া লে পর্জ গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের চার শতাধিক অবিস্ফোরিত গোলা ও বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্রের সন্ধান মিলেছে। দাবানলের তীব্র তাপে বনাঞ্চলের মাটির নিচে চাপা পড়া কয়েকটি গোলা বিস্ফোরিত হওয়ার পর বিষয়টি নজর আসে কর্তৃপক্ষের। পরবর্তীতে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ফরাসি সিভিল প্রোটকশনের বিশেষ প্রযুক্তি ও বোম্ব ডিসপোজাল বিশেষজ্ঞদের সহায়তায় এ উদ্ধার অভিযান চালানো হয়। বোর্দোর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের প্রধান ফিলিপ ডেলেমোত্তে জানিয়েছেন, উদ্ধারকৃত গোলাবারুদের মধ্যে তৎকালীন ফরাসি ও জার্মান-উভয় বাহিনীর ব্যবহৃত শক্তিশালী মর্টার শেল রয়েছে। পুরো এলাকায় বিপুল পরিমাণ গোলা ছড়িয়ে-ছিটিয়ে থাকায় সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওই স্থানে জনসাধারণের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।
উল্লেখ্য, গত জুলাই মাসে ফ্রান্সে আঘাত হানা রেকর্ড পরিমাণ ভয়াবহ দাবানলে লে পর্জ গ্রামের অন্তত সাড়ে তিন হাজার বাসিন্দাকে জরুরিভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। দেশটিতে ছড়িয়ে পড়া ওই আগুনে এ পর্যন্ত প্রায় এক লাখ ৬০ হাজার হেক্টর বনভূমি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, যা ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে চিহ্নিত হয়েছে।
এদিকে কেবল ফ্রান্সে নয়, সমগ্র ইউরোপজুড়ে দেখা দেওয়া তীব্র তাপপ্রবাহ ও খরার কারণে নদীগুলোর পানির স্তর অস্বাভাবিক নিচে নেমে যাওয়ায় হাঙ্গেরিসহ আশপাশের কয়েকটি দেশেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবিস্ফোরিত বোমা ও সামরিক সরঞ্জামের দেখা মিলছে।

