জুলাই যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাসপাতালের শয্যা থেকে সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়া জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কথা বলেছেন এবং তাঁর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৫ আগস্ট) ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে নির্মিত দেশের প্রথম জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় এই আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। চব্বিশের গণআন্দোলনে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও সাহসিকতার সঙ্গে হাসপাতাল থেকে এসে সরাসরি অনুষ্ঠানে অংশ নেন মিতু।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মিতুকে নিজের কাছে ডেকে নেন এবং পরম স্নেহে তাঁর চিকিৎসাসংক্রান্ত অগ্রগতি ও বর্তমান পরিস্থিতির বিস্তারিত খোঁজ নেন। এ সময় আন্দোলনের রাজপথে মিতুর সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধাও জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। চিকিৎসাধীন এই আহত যোদ্ধার প্রতি প্রধানমন্ত্রীর এমন সহমর্মিতা ও আন্তরিকতায় মিলনায়তনে উপস্থিত সর্বস্তরের অতিথিদের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের গৌরবোজ্জ্বল স্মারক, ভিডিওচিত্র, আলোকচিত্র ও স্মৃতিচিহ্ন সংরক্ষণের লক্ষ্যে শেরেবাংলা নগরে স্থাপন করা হয়েছে এই স্মৃতি জাদুঘর। উদ্বোধনী দিনটিতে শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ ব্যবস্থা রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *