রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অপরাধবিরোধী অভিযানে বিভিন্ন অভিযোগে ৪৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানের অংশ হিসেবে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে এবং মাদক, অস্ত্র, জাল নোটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে রাজধানীর বিভিন্ন বিভাগের পাশাপাশি গোয়েন্দা (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে আটক ব্যক্তিরাও রয়েছেন।
পুলিশের তথ্যমতে, অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা, ৯০ বোতল ফেন্সিডিল, একটি ওয়ান শটগান, একটি সামুরাই, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১ হাজার ৮০ টাকা এবং ২৮ লাখ টাকার জাল নোট।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানার নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

