দীর্ঘ সাত বছর অপেক্ষার পর চালু হতে যাচ্ছে রংপুরের ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল। শনিবার (১ আগস্ট) হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট শাখার অতিরিক্ত সচিব আরিফ আহমদ জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে হাসপাতালটি উদ্বোধনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
তিনি জানান, হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, আসবাবপত্র সংগ্রহ এবং জনবল নিয়োগের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়ে ২০৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। এ মাসের মধ্যেই সরঞ্জাম হাসপাতালগুলোতে পৌঁছানোর আশা করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, হাসপাতালের আসবাবপত্র সংগ্রহের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং নমুনা যাচাই-বাছাই চলছে। উদ্বোধনের আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রায় ৩১ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে রংপুরের সাবেক সদর হাসপাতাল চত্বরে এই আধুনিক শিশু হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়। ভবনটি ২০২০ সালে হস্তান্তর করা হলেও করোনা মহামারির সময় এটি ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়। হাসপাতালটি চালু হলে উত্তরাঞ্চলের শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবা সহজলভ্য হবে এবং জটিল রোগের চিকিৎসায় ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

