চলতি আগস্ট মাসে দেশজুড়ে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। একই সঙ্গে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। উজানের ভারী বৃষ্টির প্রভাবে উত্তরাঞ্চল, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বন্যার ঝুঁকি বাড়তে পারে।
শনিবার (১ আগস্ট) প্রকাশিত মাসিক পূর্বাভাসে বলা হয়েছে, মাসের প্রথম সপ্তাহে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। দ্বিতীয় সপ্তাহে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে সমুদ্রবন্দরগুলোতে সতর্কসংকেত জারির প্রয়োজন হতে পারে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে পাহাড়ধস এবং উত্তরাঞ্চলে বন্যার ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, মাসের তৃতীয় ও শেষ সপ্তাহেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। একই সময়ে দক্ষিণ ও পূর্বাঞ্চলেও বৃষ্টির প্রবণতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
বিডব্লিউওটি জানিয়েছে, আগস্ট মাসে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় বা তাপপ্রবাহের আশঙ্কা নেই। তবে বৃষ্টির বিরতিতে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এছাড়া ১৪ আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্টের চন্দ্রগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না।

