রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলায় পলাতক শেখ হাসিনাসহ ৩২ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (২৭ জুলাই) বেলা ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। আদেশে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশনা দেওয়া হয়।
এর আগে শাপলা চত্বরের মর্মান্তিক ওই হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় অভিযুক্তদের মধ্যে ইতোমধ্যে ৯ জন আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন- মহিউদ্দিন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, হাসানুল হক ইনু, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ইমরান এইচ সরকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জিয়াউল আহসান, আবদুল জলিল মন্ডল, বিপ্লব কুমার সরকার এবং শিবলী নোমানসহ তৎকালীন প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।

