রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ২৫টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এছাড়া মতিঝিল বিভাগে ৭৯ জন, তেজগাঁও ও উত্তরা বিভাগে ৬১ জন করে, ওয়ারী বিভাগে ৫০ জন, গুলশান বিভাগে ৪৫ জন, রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ২৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৪ জনকে গ্রেফতার করেছে।
অভিযান চলাকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ২ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ১০ হাজার ১২৭ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, তিনটি ছুরি, একটি কাঁচি উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

