ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব: ঘরছায়া ৩ লাখের বেশি মানুষ

তীব্র গরম ও ঝোড়ো বাতাসের কারণে দক্ষিণ ইউরোপের দুই দেশ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। গত কয়েকদিন ধরে জ্বলতে থাকা এই আগুনে ইতিমধ্যে ৩ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। রোববার (২৬ জুলাই) পরিস্থিতি চরম অবনতির দিকে গেলে স্পেনে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

দাবানলের তাণ্ডবে স্পেনের পরিস্থিতি সবচেয়ে আশঙ্কাজনক রূপ নিয়েছে। দেশটির ভ্যালেন্সিয়া অঞ্চলের মানিসেসের সল্ট দে ল’আইগুয়া গিরিখাতে আগুন নেভানোর চেষ্টার সময় গাড়ির ভেতর থেকে ৭০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন দমকলকর্মীরা। পরিস্থিতি মোকাবিলায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে জানিয়েছেন, আগামী দিনগুলোতে আগুন নিয়ন্ত্রণে আরও জটিল ও কঠিন সময় আসছে।

অন্যদিকে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিরোন্দ এবং লঁদ অঞ্চলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে নতুন করে আরও ৫৫ হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে দেশটিতে ঘরছায়া মানুষের সংখ্যা প্রায় আড়াই লাখে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত সেনাসদস্যরা ফায়ার সার্ভিসকে সহায়তা করতে ঝোপঝাড় পরিষ্কার ও অগ্নি প্রতিরোধক বলয় তৈরির কাজ করছেন।

দমকল বাহিনীর ক্যাপ্টেন নিকোলাস ব্রাজ জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি যে তা নিজস্ব ঘূর্ণিঝড় ও প্রতিকূল বাতাস তৈরি করছে, যা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সার্বিক পরিস্থিতিতে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে জানিয়েছেন, তাঁর সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্গঠন করবে এবং দুর্গতদের সব ধরনের সহায়তা প্রদান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *