ভারতের শিক্ষা ইতিহাসে নতুন অধ্যায় লিখে দীর্ঘ ৩৭ দিনের রক্তঘাম ঝরানো আন্দোলনের পর অবশেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তরুণদের সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার সরকারি আশ্বাস মেলায় এই সাফল্য অর্জিত হলো।
সংগঠনের এমন ঐতিহাসিক জয়ের পর গভীর স্বস্তি প্রকাশ করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক। তবে আন্দোলনকারীদের সতর্ক করে তিনি জানিয়েছেন, এই অর্জন কোনো চূড়ান্ত গন্তব্য নয়, বরং এক নতুন সামাজিক বিপ্লবের শুভ সূচনা মাত্র।
রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) পোস্ট করা এক ভিডিও বার্তায় অভিজিৎ বলেন, “এখন অন্তত নিশ্চিন্তে একটু ঘুমাতে পারব। গত ৩৭ দিন ধরে সকাল হলেই আন্দোলনের পরিণতি কী হবে বা পরবর্তী পদক্ষেপ কী—তা নিয়ে চরম উদ্বেগ নিয়ে দিন কেটেছে।” অসুস্থতার কারণে যন্তর মন্তরে উপস্থিত হয়ে সরাসরি ধন্যবাদ জানাতে না পারায় দুঃখ প্রকাশ করেন টাইফয়েডে আক্রান্ত অভিজিৎ। তবে তরুণ প্রজন্ম যেভাবে রাজপথে লড়াই চালিয়ে গেছে, তার প্রতি তিনি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত মে মাসে ভারতের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল ‘ককরোচ জনতা পার্টি’র। পরবর্তীতে নিট প্রশ্নফাঁস ও পরীক্ষার্থীদের আত্মহত্যার প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে এটি একটি বিশাল গণআন্দোলনে রূপ নেয়।
অবশেষে শিক্ষার্থীদের তীব্র চাপের মুখে নতি স্বীকার করে পদত্যাগ করতে বাধ্য হন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনের সমালোচকদের প্রতিও ধন্যবাদ জানিয়ে অভিজিৎ বলেন, তীব্র গঠনমূলক সমালোচনা তাদের লড়াইকে আরও শাণিত ও সফল করতে সাহায্য করেছে।

