সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে পরিচালিত ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’র বিরুদ্ধে শতাধিক গ্রাহকের প্রায় ৪০ লাখ টাকা নিয়ে কার্যক্রম বন্ধ করে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংস্থার এক মাঠকর্মী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে সাচনা বাজারে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। ডিপিএস, ফিক্সড ডিপোজিট এবং দৈনিক সঞ্চয় কর্মসূচির মাধ্যমে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হতো। সম্প্রতি গ্রাহকেরা জমাকৃত অর্থ ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। পরে গত ১৭ জুলাই কার্যালয়ে গিয়ে সেটি তালাবদ্ধ দেখতে পান গ্রাহক ও মাঠকর্মীরা।
সংস্থার মাঠকর্মী সীমা রাণী সরকার জানান, তিনি নিয়মিত গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ব্রাঞ্চ ম্যানেজারের কাছে জমা দিতেন। অফিস বন্ধ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। পরে তিনি ব্রাঞ্চ ম্যানেজার জেসমিন আক্তার ও আঞ্চলিক কর্মকর্তা হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় জিডি এবং ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন।
এদিকে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে পল্লী বন্ধু উন্নয়ন সংস্থার ডেপুটি ডিরেক্টর জামিনুর হক জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তারা অবগত এবং দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদকও অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

