ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত আগেই গ্রহণ করেছিলেন এবং বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেন। প্রতিবেদনে তিনটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা আসতে পারে।
রাষ্ট্রপতির মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে। রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলম জানান, থাইল্যান্ড সফর শেষে স্পিকার দেশে ফেরার পর তার কাছেই পদত্যাগপত্র জমা দেওয়া হবে। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
প্রতিবেদনে আরও বলা হয়, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। একই সময়ে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেশে ফেরাও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নির্বাচনের পর দায়িত্ব ছাড়ার আগ্রহের কথা প্রকাশ করেছিলেন। সাম্প্রতিক এই প্রতিবেদন সেই আলোচনাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

