প্রধান খবর

সব মামলায় তৌহিদ আফ্রিদির জামিন

রাজধানীর ওয়ারী থানায় করা আর্থিক প্রতারণার মামলায় আলোচিত ‘কনটেন্ট ক্রিয়েটর’ ও মাইটিভির চেয়ারম্যানের ছেলে তৌহিদ আফ্রিদির জামিন মঞ্জুর করেছেন আদালত। এর মাধ্যমে তাঁর বিরুদ্ধে থাকা সব কটি মামলাতেই তিনি জামিন লাভ করলেন।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত আসামি পক্ষে জামিন আবেদনের শুনানি শেষে এই জামিন মঞ্জুরের আদেশ দেন।

আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী ইকবাল মাহমুদ শোভন বিষয়টি নিশ্চিত করে জানান, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট তিনটি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। মঙ্গলবার ওয়ারী থানার প্রতারণা মামলায়ও বিচারক জামিন মঞ্জুর করায় তাঁর বিরুদ্ধে থাকা সব মামলাতেই আইনি জামিন সুনিশ্চিত হয়েছে। ফলে কারামুক্তিতে এখন আর কোনো আইনি জটিলতা বা বাধা রইল না।

উল্লেখ্য, গত ১৫ জুন এ মামলায় তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।মামলার বিবরণ ও এজাহার থেকে জানা যায়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির লোভ দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ গড়ে তোলে। পরবর্তীতে তারা বিভিন্ন ধাপে অর্থ বিনিয়োগের জন্য প্রলোভন দেখায়। প্রাথমিক অবস্থায় অল্প পরিমাণ টাকা ফেরত দিয়ে আস্থা অর্জন করার পর ধাপে ধাপে বড় অঙ্কের বিনিয়োগ নেওয়া হয়। লভ্যাংশসহ মূল টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত ভুক্তভোগীর সর্বমোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করে চক্রটি।

উক্ত ঘটনায় ভুক্তভোগী সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডির একটি দল। পরবর্তীতে তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *