সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট বই ও পরিবেশপ্রেমী মো. নাহিদ উজ্জামান। বইপাঠের প্রসার, রাস্তার পাশে ব্যাপক বৃক্ষরোপণ এবং পাখিদের জন্য নিরাপদ প্রজনন ও আশ্রয়স্থল তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় তিনি ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার–২০২৬’ অর্জন করেছেন।
সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশন আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মহান নেতা নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী স্মরণে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সম্মাননা প্রদান পর্বের পাশাপাশি অনুষ্ঠানে ‘নেলসন ম্যান্ডেলা: আদর্শ ও কর্মময় জীবন’ শীর্ষক এক জ্ঞানগর্ভ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত বক্তারা বিশ্বশান্তি, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবতার কল্যাণে নেলসন ম্যান্ডেলার আজীবন সংগ্রামের বিভিন্ন দিক আলোকপাত করেন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে ‘শান্তি নিবিড় পাঠাগার’-এর প্রতিষ্ঠাতা মো. নাহিদ উজ্জামান বলেন, “এমন আন্তর্জাতিক মানের একটি সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও অভিভূত। আমার মতো একজন সাধারণ মানুষের মাঠপর্যায়ের কাজকে মূল্যায়ন করার জন্য আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। জীবনের শেষ দিন পর্যন্ত বই, পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষা এবং দেশের মানুষের সার্বিক কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
আয়োজনটিতে দেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, জনপ্রিয় ফ্যাশন ও নৃত্য কোরিওগ্রাফার, সামাজিক সংগঠনের শীর্ষ প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিরা সরকার।
উল্লেখ্য, মো. নাহিদ উজ্জামান দীর্ঘদিন ধরে প্রত্যন্ত গ্রামীণ পর্যায়ে বইপাঠ আন্দোলন ছড়িয়ে দেওয়া, পাঠাগার পরিচালনা, জলবায়ু সুরক্ষায় বৃক্ষরোপণ এবং পাখিদের অভয়ারণ্য গড়তে নিরলসভাবে কাজ করে আসছেন। তাঁর এই স্বীকৃতি স্থানীয় পর্যায়ে পরিবেশ ও শিক্ষাভিত্তিক উদ্যোগগুলোকে আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

