ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) জানিয়েছে, তারা আন্দোলন অব্যাহত রাখলেও ভবিষ্যতে আর সংসদ অভিমুখে মিছিল করবে না। দিল্লিতে পুলিশের বাধার মুখে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে বহু মানুষ আহত হওয়ার পর সংগঠনটি এ সিদ্ধান্তের কথা জানায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সংসদ অভিমুখে মিছিল ঠেকাতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে প্রায় ১৮০ জন আহত হন। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১১৮ জন পুলিশ ও নিরাপত্তাকর্মী এবং ৬০ জন বিক্ষোভকারী রয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে ৭০ জনকে আটক করা হয়েছে।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, আরও কোনো তরুণ যেন আহত না হন, সে কারণেই সংসদমুখী কর্মসূচি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষা ব্যবস্থার অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শুরু হওয়া আন্দোলন অন্য কর্মসূচির মাধ্যমে চলবে বলেও জানান তিনি।
এদিকে মঙ্গলবারও দিল্লির যন্তর মন্তরে কয়েকশ বিক্ষোভকারী জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দিল্লি পুলিশ।

