রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন।
অভিযোগ অনুযায়ী, আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফোরকান উদ্দীন পদ্মা এক্সপ্রেসে ভ্রমণের সময় টিকিট ইস্যু ছাড়াই যাত্রীদের কাছ থেকে অর্থ আদায়ের প্রতিবাদ করলে দায়িত্বরত টিটির হাতে মারধরের শিকার হন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ঘটনার পর অভিযুক্ত টিটি সুমনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীদের দাবি, শুধু সাময়িক বরখাস্ত নয়, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ দাবিতে তারা রেললাইন অবরোধ অব্যাহত রেখেছেন।
অবরোধের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। রেলওয়ে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

