মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি সইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নজমুল ইসলাম জানিয়েছেন, এ সংক্রান্ত চুক্তির খসড়া প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দ্রুত চুক্তি সই ও বাস্তবায়নের লক্ষ্যে উভয় পক্ষ কাজ করছে।
হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবিক বিবেচনায় চুক্তির আওতায় মালদ্বীপের কারাগারে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে এনে অবশিষ্ট সাজা বাংলাদেশেই ভোগের সুযোগ দেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বন্দিদের পুনর্বাসন ও পারিবারিক যোগাযোগ সহজ হবে।
চুক্তির প্রস্তুতির অংশ হিসেবে হাইকমিশনার সম্প্রতি মালদ্বীপের মাফুশি কারাগার পরিদর্শন করেন। সেখানে আটক বাংলাদেশি বন্দিদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি তাদের অধিকার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে কারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে মাফুশি কারাগারে ৪৪ জন বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে ৩৪ জন দণ্ডপ্রাপ্ত এবং ১০ জন বিচারাধীন। সংশ্লিষ্টরা আশা করছেন, চুক্তি কার্যকর হলে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি বন্দিরা নিজ দেশে পরিবারের কাছাকাছি থেকে সাজা ভোগের সুযোগ পাবেন।

