কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর এলাকার একটি ইটভাটা সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দেবীনগর গ্রামের ফারুক হোসেন (৪৫) এবং খানপুর গ্রামের আব্দুল শেখ (৩০)। আহত মুল্লুক মণ্ডলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, নিহতরা স্থানীয় একটি পক্ষের সমর্থক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এলাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার বিকেলে সংঘর্ষের পর গভীর রাতে একদল হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

