টাঙ্গাইলের সখীপুর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এক অভাবনীয় ও গৌরবোজ্জ্বল সাফল্যের দেখা মিলেছে। ২০২৫ সালের এই প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় একই পরিবারের যমজ তিন ভাইবোন একসঙ্গে মেধা তালিকায় শীর্ষস্থান তথা ‘ট্যালেন্টপুলে’ বৃত্তি লাভ করেছে। দুই ভাই ও এক বোনের এই বিরল ও যৌথ সাফল্য পুরো জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি করেছে। তাদের এই কৃতিত্বে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
অদম্য মেধাবী এই তিন শিক্ষার্থী হলো- ফাতেমা আক্তার, আনাস আল মামুন ও আরাফাত আল মামুন। ১২ বছর বয়সী এই তিন যমজ ভাইবোন সখীপুর উপজেলার ঘাটেশ্বরী গ্রামের কাতার প্রবাসী মো. শামীম এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর্জিনা আক্তারের সন্তান। তারা উপজেলার ঐতিহ্যবাহী বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। বর্তমানে মেধার স্বাক্ষর রেখে তারা সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।
সন্তানদের এমন অভাবনীয় সাফল্যে আবেগাপ্লুত মা আর্জিনা আক্তার, যিনি নিজে ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
তিনি জানান, তাঁর তিন সন্তান ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী ও নিয়মানুবর্তী ছিল। সন্তানদের এই গৌরবময় অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক পাঠদান ও দিকনির্দেশনা এবং পরিবারের সার্বিক সমর্থন সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। তিনি আরও উল্লেখ করেন, সুদূর প্রবাসে থেকেও তাদের বাবা নিয়মিত সন্তানদের পড়াশোনার খোঁজখবর নিতেন এবং তাদের মানসিকভাবে উৎসাহিত করতেন। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও মানবতার কল্যাণে নিয়োজিত করাই এখন এই দম্পতির প্রধান লক্ষ্য।
বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ বছর তাদের বিদ্যালয় থেকে মোট চারজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং চারজন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। এর মধ্যে একই পরিবারের যমজ তিন ভাইবোনের ট্যালেন্টপুলে জায়গা করে নেওয়া বিদ্যালয়ের ইতিহাসে এক বিশেষ গৌরব ও মাইলফলক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ফাতেমা, আনাস ও আরাফাত অত্যন্ত মেধাবী, নম্র ও কঠোর পরিশ্রমী শিক্ষার্থী। তাদের এই যৌথ সাফল্য উপজেলার অন্য শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি অনুপ্রাণিত করবে।

