প্রধান খবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু

সৌদি আরবের আল-বাহা শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তোফায়েল হোসেন (৩২) নামে কুমিল্লার এক প্রবাসী বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের নিকটাত্মীয় আতাউর রহমান। তোফায়েলের এই আকস্মিক মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তোফায়েল হোসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের জয়নাল আবেদীন পীর সাহেবের বাড়ির মৃত রফিকুল ইসলামের ছেলে। জীবিকার তাগিদে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে প্রায় নয় বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। সেখানে তিনি আল জাহরাইন কোম্পানির অধীনে আল-বাহা শহরের একটি হাসপাতালে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই দিবাগত রাতে (বাংলাদেশ সময় আনুমানিক রাত ১টা) নাশতা খাওয়া শেষে নিজের কর্মস্থলে ফিরছিলেন তোফায়েল। পথিমধ্যে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ভোর আনুমানিক ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তোফায়েলকে মৃত ঘোষণা করেন।

তোফায়েলের অকাল মৃত্যুতে তার বিধবা মা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের কান্নায় নাগাইশ গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে ও দেশের মাটিতে দাফন করতে তোফায়েলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুল আবেদন জানিয়েছেন স্বজনরা। মরদেহ দেশে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদের বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *