প্রধান খবর

ফ্রান্সের কোচের পদ ছাড়ছেন দেশম, আলোচনায় জিদান

ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন দিদিয়ের দেশম। ইতালীয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহেই ফ্রান্সের কোচ হিসেবে দেশমের শেষ ম্যাচ হতে পারে। এর মধ্যেই তার উত্তরসূরি হিসেবে কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের নাম জোরালোভাবে আলোচনায় এসেছে।

দেশমের নেতৃত্বে ফ্রান্স জাতীয় দল সাফল্যের স্বর্ণালী সময় পার করেছে। তার অধীনে ২০১৮ সালে বিশ্বকাপ শিরোপা জয়ের পাশাপাশি ২০২২ সালের বিশ্বকাপে রানারআপ এবং সর্বশেষ বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নেয় ফরাসিরা।

বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফ্যাব্রিজিও রোমানো জানান, ফ্রান্স ফুটবল ফেডারেশনের পরবর্তী পরিকল্পনায় জিনেদিন জিদান অন্যতম শীর্ষ পছন্দ। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ দায়িত্ব পেলে ফ্রান্স জাতীয় দলের নতুন অধ্যায়ের সূচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক ছিলেন জিদান। কোচ হিসেবেও তিনি রিয়াল মাদ্রিদকে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। এখন তার হাত ধরেই ফ্রান্স জাতীয় দল নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে কি না, সেটিই ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *