জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (ডিওএস)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশি সামরিক ও পুলিশ কন্টিনজেন্টের পরিচালনাগত সহযোগিতা, আর্থিক প্রতিপূরণ দ্রুত নিষ্পত্তি, পরিবেশগত টেকসই উন্নয়ন, নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) এজেন্ডা এবং হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তুতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়। স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতার জন্য জাতিসংঘের সংশ্লিষ্ট বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে পরিবেশবান্ধব উদ্যোগে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও সম্প্রসারণে বাংলাদেশ আগ্রহী বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, হাইতির নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ আধুনিক প্রযুক্তিসম্পন্ন তিনটি বিশেষায়িত ফর্মড পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এ বিষয়ে জাতিসংঘের সঙ্গে সমন্বয় জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি। অন্যদিকে, আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও শৃঙ্খলার প্রশংসা করে ভবিষ্যতেও অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

