গাইবান্ধা সদর উপজেলায় খাল পুনঃখনন প্রকল্পের মজুরি দাবি করায় নারী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রিয়াজুল ইসলামের বিরুদ্ধে। একই সঙ্গে প্রকল্পের ট্যাগ কর্মকর্তা কাজল মিয়ার বিরুদ্ধেও শ্রমিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করা হয়েছে।
অভিযোগের প্রতিবাদে সোমবার (৬ জুলাই) দুপুরে অর্ধশতাধিক নারী-পুরুষ শ্রমিক সদর উপজেলা পরিষদ চত্বর ঘেরাও করে বিক্ষোভ করেন। শ্রমিকদের দাবি, ৪০ কর্মদিবসের খাল পুনঃখনন প্রকল্পে ২৭ কার্যদিবস কাজ করলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও তাদের মজুরি পরিশোধ করা হয়নি।
শ্রমিকদের অভিযোগ, পাওনা মজুরির বিষয়ে জানতে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্ব্যবহার করেন এবং শ্রমিক তালিকা থেকে বাদ দেওয়ার হুমকি দেন। কয়েকজন নারী শ্রমিক দাবি করেন, তাদের কান ধরে অফিস থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় তারা দ্রুত বকেয়া মজুরি পরিশোধ এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু শ্রমিকদের মজুরি দ্রুত পরিশোধের আহ্বান জানিয়েছেন। তবে ট্যাগ কর্মকর্তা কাজল মিয়া অভিযোগ অস্বীকার করে দাবি করেন, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে পিআইও রিয়াজুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে তিনি অবগত নন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

