বেনফিকার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট প্লে অফের দ্বিতীয় লেগে রাতে নামছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকলেও ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গড়াতে চলা ম্যাচটির আগে দুঃসংবাদ পেয়েছে লস ব্লাঙ্কোসরা। চোটের কারণে ছিটকে গেছেন দলটি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
মঙ্গলবার ট্রেনিং পুরোপুরি শেষ করতে পারেননি এমবাপে। হাঁটুর সমস্যা নিয়ে মাঠ ছাড়েন। বাঁ পায়ে প্রচণ্ড ব্যথার কারণে বিকেলে কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কয়েক ঘণ্টার মধ্যে পাওয়া রিপোর্ট বলছে, বেনফিকার বিপক্ষে ফরাসি ফরোয়ার্ডকে পাওয়া একেবারে অসম্ভব বলা চলে।
গত ডিসেম্বরে এই চোট পেয়েছিলেন ফরাসি তারকা। পুরোপুরি সেরে না উঠতেই তাকে স্প্যানিশ সুপার কাপের জন্য ফেরানো হয়েছিল। নতুন কোচ হিসেবে আলভারো আরবেলোয়া আসার পর থেকে ব্যথা নিয়েই খেলে যাচ্ছেন তিনি।
শুধু বেনফিকা ম্যাচই নয়, লা লিগায় গেতাফে ও সেল্তা ভিগোর বিপক্ষেও দর্শক হিসেবে থাকবেন এমবাপে। শেষ ষোলোতে রিয়াল উঠলে সেই ম্যাচেও তার খেলা অনিশ্চিত।
এমবাপে ট্রেনিং থেকে সরে দাঁড়ানোর পরও আরবেলোয়া গতকাল সংবাদ সম্মেলন করে জানান, এমবাপেকে খেলানো হবে। বিশ্বকাপ ঘনিয়ে আসায় এমন সময়ে শরীরের বিরুদ্ধে গিয়ে এমবাপে ঝুঁকি নেবেন কি না সেটাও ভাবতে হবে। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, অন্তত আগামী ১০ দিন বিশ্রামে থাকবেন তিনি। খেলবেন না তিন ম্যাচ।

