প্রধান খবর

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ

প্রায় ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুদল। সূচি অনুযায়ী, প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে। এরপর ২২ আগস্ট কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

ম্যাকাইয়ে এটিই হবে প্রথম টেস্ট ম্যাচ। একই সঙ্গে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা যুক্ত হবে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে। অন্যদিকে, ২২ বছর পর ডারউইনে ফিরছে টেস্ট ক্রিকেট। সর্বশেষ ২০০৪ সালের জুলাইয়ে মারারা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া।

এর আগে সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ডারউইনে একটি টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সফরে দুই ম্যাচের সিরিজে খালেদ মাহমুদের নেতৃত্বাধীন দল দুটি টেস্টই ইনিংস ব্যবধানে হেরেছিল। এরপর ২৩ বছরের পর এই প্রথম এবং মোট দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল।

তবে, দুই দেশের মধ্যে সর্বশেষ বাংলাদেশে টেস্ট সিরিজ হয়েছিল ২০১৭ সালে। পরবর্তীতে ২০২০ সালে বাংলাদেশে সিরিজ আয়োজনের কথা থাকলেও করোনা মহামারির কারণে তা বাতিল হয়ে যায়। তবে, বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়া যাওয়ার আগেই চলতি বছরের জুনে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল।

এই দুই ম্যাচের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও (ডব্লিউটিসি) অন্তর্ভুক্ত। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সূচি। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, আন্তর্জাতিক ক্রিকেট সূচি এখন অত্যন্ত ব্যস্ত হলেও আগস্টে বিশ্বমানের ভেন্যু পাওয়ায় গ্রীষ্মকালীন মৌসুমের বাইরে টেস্ট আয়োজনের সুযোগ তৈরি হয়েছে।

গত জানুয়ারিতে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪–১ ব্যবধানে হারানোর পর এটিই হবে অস্ট্রেলিয়ার পুরুষ দলের প্রথম টেস্ট সিরিজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে আগামী অক্টোবরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া। একই সফরে জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজও খেলবে তারা। এরপর ঘরের মাঠে ফিরে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার পর টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দলটি।

আগামী বছরের জানুয়ারি–ফেব্রুয়ারিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফর করবে অস্ট্রেলিয়া দল। টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ টেস্টও খেলবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *