নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় ছিনতাইয়ের সন্দেহে সিজান (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ওলামা দলের এক নেতাসহ ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) নিহতের মা শিল্পী বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন। এজাহারে অভিযোগ করা হয়, ছিনতাইয়ের সন্দেহে সিজানকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে স্টিলের পাইপ দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলায় আল ফালাহ জামে মসজিদের ইমাম ও খেলাফত মজলিসের সাবেক নেতা মুফতি কাউছার আহাম্মেদ কাসেমী, জাতীয়তাবাদী ওলামা দলের ফতুল্লা থানার আহ্বায়ক জিলানী ফকিরসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তবে মামলার অন্যতম আসামি মুফতি কাউছার আহাম্মেদ কাসেমী অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, নিহত সিজান ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন এবং তিনি আইনি প্রক্রিয়ায় মামলার মোকাবিলা করবেন।

