প্রধান খবর

কমলাপুরমুখী মেট্রোরেল সম্প্রসারণের কাজ শেষ পর্যায়ে

রাজধানীর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারিত অংশের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৭৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিল মাসে এই অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি লাইন-৬) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, বাণিজ্যিক পরিচালনার আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হবে। নিয়মিত যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের সময়ে উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, সম্প্রসারিত অংশে ভায়াডাক্ট, স্টেশন ও রেল ট্র্যাক নির্মাণের অধিকাংশ কাজ শেষ হয়েছে। বর্তমানে কমলাপুর স্টেশনের স্থাপত্যকাজ, প্রবেশ ও বাহির পথ নির্মাণ, টাইলস স্থাপন, কাচ বসানো এবং রঙের কাজ চলমান রয়েছে। পাশাপাশি স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং ব্যবস্থা ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপনের প্রস্তুতিও চলছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক স্থাপনের কাজ সম্পন্ন হবে। উল্লেখ্য, উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬-এর মোট দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *