বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কণ্ঠশিল্পী ও ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ৬ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী আজও বাংলা সংগীতের অন্যতম উজ্জ্বল নাম।
১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন এন্ড্রু কিশোর। স্বাধীনতার পর রাজশাহী বেতারে নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকসংগীত ও দেশাত্মবোধক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাকে অভিষেক হলেও ১৯৭৯ সালের ‘প্রতিজ্ঞা’ চলচ্চিত্রের ‘এক চোর যায় চলে’ গান তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
দীর্ঘ সংগীতজীবনে তিনি প্রায় ১৫ হাজার গানে কণ্ঠ দিয়েছেন বলে ধারণা করা হয়। ‘হায় রে মানুষ রঙিন ফানুশ’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘আমার বুকের মধ্যেখানে’সহ অসংখ্য কালজয়ী গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। গানে বিশেষ অবদানের জন্য তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পাঁচবার বাচসাস পুরস্কার অর্জন করেন। ২০২৪ সালে রাষ্ট্রীয়ভাবে তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান রাজশাহীতে জেলা প্রেসক্লাব ও আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

