ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তাঁর পরিবারের চার সদস্যের প্রথম জানাজা আজ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় জানাজার আয়োজন করা হয়েছে। জানাজাকে ঘিরে সকাল থেকেই বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে মোসাল্লার প্রধান চত্বর পরিপূর্ণ হয়ে যায়।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, শনিবার থেকে গ্র্যান্ড মোসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হয়েছে। জানাজার পর সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে খামেনির মরদেহ ইরাকের নজফ ও কারবালা শহরে নেওয়া হবে। এরপর বৃহস্পতিবার দাফনের উদ্দেশ্যে মরদেহ ইরানের মাশহাদে ফিরিয়ে আনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। ইরানের সামরিক ও প্রতিরক্ষা কাঠামো শক্তিশালীকরণে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর মৃত্যুর পর উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তাঁর ছেলে মোজতবা খামেনি।

