দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ৮৩৩ শিশু। এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ পরিস্থিতি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১০১ শিশু এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৭৩২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৭৫ শিশু। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৬৩৮ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩১ জনে। একই সময়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৪ হাজার ৬৯৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৫২৬ জন। মোট ৮৭ হাজার ৯৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪ হাজার ২১৮ জন।

