রাজধানীর পুরান ঢাকার চকবাজারের খাজা মার্কেটে অবস্থিত বহুতল ভবন ‘আশিক টাওয়ারে’ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৪ জুলাই) দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বিবেচনা করে আরও ৪টি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুরের দিকে ভবনটির একটি অংশ থেকে হঠাৎ তীব্র ধোঁয়া বের হতে দেখে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও ক্রেতারা হুড়োহুড়ি করে ভবন থেকে বের হতে শুরু করেন। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ ও সরু রাস্তা হওয়ার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ও কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি, তবে ভবনের ভেতরে কেউ আটকে আছেন কি না তা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তল্লাশি করে দেখছেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন যেন আগুন কোনোভাবেই আশপাশের বাণিজ্যিক ও আবাসিক ভবনগুলোতে ছড়িয়ে পড়তে না পারে।

