সিরাজগঞ্জে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত পাঁচ দিনে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের লক্ষণ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৯০ জন রোগী।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের শনিবারের দৈনিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, শুক্রবার শেষ ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ২১ জন এবং বেসরকারি হাসপাতালে একজনসহ মোট ২২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। নতুন রোগী যুক্ত হওয়ায় জেলায় হামের লক্ষণ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৫০০ জনে।
এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১,৪৪২ জন, আর বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের বেশির ভাগই শিশু এবং দ্রুত ছড়িয়ে পড়া সংক্রমণ রোধে মাঠপর্যায়ে টিকাদান ও সচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে।

