জাল শিক্ষক নিবন্ধন সনদ ও সুপারিশপত্রের মাধ্যমে এমপিও সুবিধা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় দেশের বিভিন্ন মাদ্রাসায় কর্মরত ১৩ শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। তাদের এমপিও সুবিধা বাতিলের পাশাপাশি এতদিন উত্তোলন করা বেতন-ভাতার সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬’-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাদের এমপিও ইনডেক্স কর্তন করা হয়েছে।
অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, জাল সনদের মাধ্যমে উত্তোলিত সব বেতন-ভাতা দ্রুত সরকারি কোষাগারে জমা দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের এ পদক্ষেপকে শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। জাল সনদ ব্যবহার করে সরকারি সুবিধা গ্রহণের ঘটনায় ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

